ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে কোনো অর্জন ছাড়াই ফিরে যেতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'প্রতিরোধের ঐক্যবদ্ধ ফ্রন্ট পুরো অঞ্চলে শক্তিশালী ও কার্যকরভাবে উপস্থিত রয়েছে এবং মানবতার শত্রুদের জন্য অপেক্ষা করছে।'
কানি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মনে রাখা উচিত কীভাবে তারা ইয়েমেন, বাব-এল-মান্দেব ও লোহিত সাগর অঞ্চল থেকে 'ব্যর্থ হয়ে' সরে গিয়েছিল। তার দাবি, এবারও তারা একইভাবে কোনো অর্জন ছাড়াই অঞ্চল ত্যাগ করবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী অবরোধ শুরু করবে এবং আন্তর্জাতিক জলসীমায় ইরানকে কর প্রদানকারী সব জাহাজ আটকে দেওয়া হবে।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এ পদক্ষেপ কেবল ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ইরানগামী নয় এমন আন্তর্জাতিক জাহাজগুলো প্রণালী দিয়ে অবাধে চলাচল করতে পারবে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইতোমধ্যে জানিয়েছে, সোমবার থেকে ইরানি বন্দরের ওপর অবরোধ কার্যকর করা শুরু হবে।
