মায়ের কাছ থেকে জুয়ার টাকা না পেয়ে ছাদ থেকে লাফ দিল কলেজছাত্র

রাজধানীর কলাবাগানে অনলাইন জুয়ার টাকার দাবিতে মায়ের সঙ্গে বিরোধের জেরে ফয়সাল মাহমুদ (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে কলাবাগান ইস্টার্ন পান্থছায়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার জোড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম ডা. এ,কে,এম মাহমুদুল হক (মৃত)।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বহুতল ভবনের পাশের একটি অংশ থেকে রক্তাক্ত অবস্থায় ফয়সালের মরদেহ উদ্ধার করে। 

তিনি আরও জানান, ফয়সাল দীর্ঘ প্রায় চার বছর ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়ার কারণে সে নিয়মিতভাবে মায়ের কাছ থেকে টাকা দাবি করত। রবিবার রাতে টাকা না দেওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তার বিরোধ হয় এবং একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে ভবনের জানালা দিয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। 

স্বজনরা জানান, কলেজে ভর্তি করা হলেও ফয়সাল নিয়মিত ক্লাস করত না এবং অধিকাংশ সময় অনলাইন জুয়ায় সময় কাটাত।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে।