মদ্যপ অবস্থায় বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্ত মাতালের আত্মসমর্পণ  

কক্সবাজারের রামুতে কালু বড়ুয়া (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে জবাই করে হত্যা করেছে এক মাতাল। ওই ঘটনায় অভিযুক্ত তাম্বু বড়ুয়া হত্যায় ব্যবহৃত ছুরি সহ পুলিশের কাছে আত্নসমর্পন করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব মেরংলোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ (৬৫) পূর্ব মেরংলোয়া এলাকার মৃত যতিন্দ্র বড়ুয়া ও মারতি বড়ুয়ার ছেলে এবং অভিযুক্ত তাম্বু একই এলাকার নিরঞ্জন বড়ুয়া ওরফে ছাতু বড়ুয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, শনিবার ভোরে পূর্ব মেরুংলোয়া মিটা কালুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর নিহত ও অভিযুক্ত দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে কালু বড়ুয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে অভিযুক্ত সটকে পড়ে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে অভিযুক্ত তাম্বু একটি রক্তমাখা ছুরি সহ পুলিশের কাছে আত্নসমর্পন করেন।  

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, আটক তাম্বুকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। সেখান থেকে আমরা জানতে পেরেছি নিহত ও আটক দুইজনেই একসাথে বসে মদ পান করেছেন। পরে দুইজনে এনিয়ে তর্ক জড়ায়। তর্কের পর্যায়ে বৃদ্ধকে হত্যা করে তাম্বু।

ওসি আরো বলেন, নিহতের পরিবার সঙ্গে অভিযুক্তের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে আটক আমাদের কাছে দাবি করলেও নিহতের পরিবার সেই দাবি নাকোচ করে দিয়েছেন।

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।