কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে মোটরসাইকেল ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় একটি দ্রুতগতির ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালীর রুবেল এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আরমান।
সংবাদের সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবছার উদ্দিন। তিনি বলেন, কেরুনতলী এলাকায় ডাম্পার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে ও হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে, তবে ডাম্পার চালক পালিয়ে গেছে। এই বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক