নিউজিল্যান্ড সিরিজের আগে সাইফের সেঞ্চুরি স্বস্তি দিলো নির্বাচকদের

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে সোমবার বিসিবি'র কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা দুটো দল হয়ে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলেছেন মিরপুরে। ম্যাচে ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের 'এ' দল ১২৮ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের 'বি' দলকে। ১৩৮ রানের ইনিংস খেলেছেন সাইফ হাসান।

টসে জিতে 'বি' দল ব্যাটিংয়ে পাঠায় 'এ' দলকে। সাইফ হাসানের ১৩৩ বলে অপরাজিত ১৩৮ রানের ইনিংসে 'এ' দলের সংগ্রহ দাঁড়ায় ৫০ ওভারে ৭ উইকেটে ২৯২ রান। ৮ ছক্কা ও ৬ বাউন্ডারিতে সাইফের এই সংগ্রহ নিঃসন্দেহে নির্বাচকদের মনে স্বস্তি বয়ে আনবে, পাকিস্তান সিরিজে সাইফের ব্যাটে যে খুব একটা রান ছিল না। আফিফের ৩৪, তাওহিদ হৃদয়ের ২৫ ও তানজিম হাসান সাকিবের ২৭ রানে সংগ্রহটা বড় হয় 'এ' দলের। এবাদত ও মোসাদ্দেক নিয়েছেন ২টি করে উইকেট।

২৯২ রান তাড়া করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান মাহমুদুল হাসান। সৌম্য সরকারের ৫৫ আর শামিম হোসেন পাটোয়ারির ৩১ রানের পরও ৩৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয় সোহানের 'বি' দল।

তাসকিন আহমেদ নিয়েছেন ৪ উইকেট, তানজিম হাসান সাকিব ও মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ২টি করে উইকেট।