ধানমন্ডির নাম পাল্টালো আবার

শেখ জামাল ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৫ আগস্টে পট পরিবর্তনের পর নাম থেকে শেখ মুজিবর রহমানের মেজো ছেলের নামটা বাদ দিয়েছিল। এবারে তারা নামই বদলে ফেলেছে! বসুন্ধরা স্ট্রাইকার্স নামেই আসছে মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলবে দলটি।

লিগের দল বদলের তারিখ ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রপলিস, এপ্রিলের ১৮ ও ১৯ তারিখে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সিসিডিএম কার্যালয়ে হবে খেলোয়াড়দের দলবদল। সিসিডিএম জানিয়েছে, ১২টি ক্লাব অংশ নিবে প্রিমিয়ার লিগের আসন্ন আসরে।

আমিনুল ইসলাম বুলবুল যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি ছিলেন, তখন সিসিডিএম এর অধীনে কোন রকম লিগেই অংশ নেয়নি ঢাকার চল্লিশটিরও বেশি ক্লাব। প্রিমিয়ার লিগ আয়োজনে বিলম্বেরও অন্যতম কারণ ছিল বেশিরভাগ ক্লাবের অংশগ্রহণে অনিচ্ছা। তবে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়ার পর সবগুলো দলই অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছে।

সিসিডিএম জানিয়েছে- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব,গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস-এই ১২টি ক্লাব অংশ নেবে ঢাকা লিগে।

এবারের লিগ হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে, থাকছে না কোন বিদেশী ক্রিকেটার।