বাউলশিল্পী আবুল সরকার কারামুক্ত

ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টা ২০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

মুক্তিলাভের পর কারাগার থেকে বের হয়ে তিনি রিকশায় করে মূল ফটকে আসেন। পরে সাদা রঙের একটি হাইয়েস গাড়িতে করে স্থান ত্যাগ করেন। এ সময় কারা ফটকে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে অসুস্থ থাকায় মুক্তির পর তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

হালিমা খাতুন জানান, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

গত ৫ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি। পরে জামিনের আবেদন করলে হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি মেলায় পালাগানের আসরে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল।