ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পুলিশের প্রশিক্ষণ, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশের পুনর্গঠন ও আধুনিকায়নে সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাতে এলে এ সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী।
সাক্ষাৎকালে উভয়পক্ষ পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল, বাণিজ্য সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাতের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত মাইকেল মিলার নতুন পোর্টফোলিওতে দায়িত্ব নেওয়ার জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি পরীক্ষিত ও নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। বর্তমান সরকারের মেয়াদে আমরা দুই পক্ষের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার ও প্রসারিত করতে চাই।
পুলিশ সংস্কার নিয়ে আলোচনাকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে।
এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে পারে। তিনি জানান, ইইউ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে পুনর্গঠন ও আধুনিকায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
দুর্নীতি দমনে ইইউর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের একটি সুনির্দিষ্ট ও শক্তিশালী দুর্নীতি দমন কৌশল থাকা প্রয়োজন এবং ইইউ এক্ষেত্রে সব ধরনের কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিতে প্রস্তুত। মন্ত্রী রাষ্ট্রদূতের এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।
ইইউর সঙ্গে বিভিন্ন সেক্টরে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলো দ্রুত চিহ্নিত করতে এবং এসব বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।