বাংলাদেশে উন্নত স্বাস্থ্যসেবা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি হাসপাতাল নেটওয়ার্ক মনিপাল হাসপাতাল তাদের কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবোটিক চিকিৎসার সুবিধা বাংলাদেশের রোগীদের কাছে আরও সহজে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে ভারতের প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার ডিআরইউ মিলনায়তনে ‘মনিপাল হাসপাতাল মিডিয়া সামিট বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত মনিপাল হাসপাতালের ৬০০ শয্যাবিশিষ্ট ফ্ল্যাগশিপ ইউনিটটি বর্তমানে ৫৩টি স্পেশালিটি বিভাগে উন্নত সেবা দিচ্ছে। ইউনিটটিতে ইতিমধ্যে এক হাজারেরও বেশি রোবোটিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ‘দ্য ভিঞ্চি’ রোবট, জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য ‘মাকো’ এবং ভাসকুলার ইন্টারভেনশনে ‘করপাথ’ সিস্টেমের মতো বিশ্বসেরা প্রযুক্তি ব্যবহার করছে।