স্পিকার-ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাতে প্রণয় ভার্মা

দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল সোমবার সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রণয় ভার্মা বলেছেন,  ‘দুই দেশের মধ্যে সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে। দুই দেশের মধ্যে আবেগ এবং সংস্কৃতির যে সম্পর্ক সেটা ধরে রাখতে আমরা কাজ করছি।’ তিনি বলেন, ‘দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী। উভয়ের মধ্যে এনার্জি, যোগাযোগ, সংস্কৃতিসহ নানা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। একই সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ধারণ করে দুই দেশের জনগণ।’

প্রণয় ভার্মা বলেন, ‘যেসব এলাকায় কাজ করলে দুই দেশের জনগণই লাভবান হবে, সেখানে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করা হবে। এ ছাড়া দুই দেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান-প্রদান অব্যাহত রাখার বিষয়ে আলাপ হয়েছে।’

ঐতিহাসিক সম্পর্কের স্মৃতিচারণ স্পিকারের : সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারতের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের স্মৃতিচারণ করে বলেছেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যকার শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি হয়। ভারত সরকার সর্বতোভাবে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করে। ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ।’

ডেপুটি স্পিকারের সঙ্গে উচ্চকক্ষ ও ডিজিটাল সংসদ নিয়ে আলোচনা : স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎকালে সংসদীয় তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ভারতের লোকসভার সঙ্গে জাতীয় সংসদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের প্রস্তাব দেন ডেপুটি স্পিকার।

অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ ভারতীয় হাইকমিশন ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।