চ্যাম্পিয়নন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। প্রথম লেগে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে বার্সা ভক্তদের বড় প্রতিশ্রুতি দিয়েছেন কোচ হান্সি ফ্লিক এবং তরুণ সেনসেশন লামিন ইয়ামাল।
কামব্যাকের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ফ্লিক
মাদ্রিদে নামার আগে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, 'ফলাফল নিয়ে খুব বেশি চিন্তা না করে আমাদের ভালো খেলার দিকে মনোযোগ দিতে হবে। আমার মনে হচ্ছে আজকের রাতটি প্রথম লেগ থেকে একদম আলাদা এবং অবিশ্বাস্য হবে। কামব্যাক করা সম্ভব। আমাদের সাহসের সাথে খেলতে হবে, কারণ আমাদের সেই মানসম্পন্ন খেলোয়াড় আছে।'
লামিন ইয়ামালের বিশেষ প্রতিশ্রুতি
দলের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল ভক্তদের আশ্বস্ত করে বলেছেন, তারা কোনো অলৌকিক ঘটনার আশায় বসে নেই, বরং নিজেদের শক্তির ওপর ভরসা করছেন। ইয়ামাল বলেন, 'আমরা একটি তরুণ দল এবং পুরো মৌসুম আমরা এই জার্সির জন্য লড়াই করেছি। আমরা যদি বাদও পড়ি, তবুও ভক্তদের কথা দিচ্ছি যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। এই জার্সির জন্য আমরা আমাদের সবটুকু দিয়ে দেব।'
তিনি আরও যোগ করেন, 'আমরা ২-০ গোলে পিছিয়ে আছি ঠিকই, কিন্তু আমাদের স্টাইল ধরে রেখে আগ্রাসী ফুটবল খেলতে হবে। আমাদের দলে অনেক কোয়ালিটি প্লেয়ার আছে যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কামব্যাক সম্ভব বলেই আমরা আজ এখানে এসেছি।'
দলীয় সংহতিই মূল চাবিকাঠি
ইয়ামালের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে ফ্লিক বলেন, 'লামিন খুব ভালো খেলছে, তবে আমি একক নৈপুণ্যের চেয়ে দলীয় সংহতিকে বেশি গুরুত্ব দিই। গেমস যেকোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, আশা করি ভাগ্য আমাদের সহায় হবে।'
আতলেতিকোর শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে ইয়ামালের ওয়ান-অন-ওয়ান ড্রিবলিং এবং ফ্লিকের কৌশল আজ বার্সেলোনার জন্য তুরুপের তাস হতে পারে। ৯৩ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেত্রোপলিতানো স্টেডিয়ামে আজ রাতটি হতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের অন্যতম রোমাঞ্চকর লড়াই।