কক্সবাজারের টেকনাফের শাহপরীতে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতরা হলো টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে মো. সিদ্দিক (৪০), একই এলাকার বাড়ু মিয়ার ছেলে মো. ইসমাইল (২৬)।
আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টিম টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে দুই পাচারকারীসহ এই ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।