প্রশ্নোত্তরপর্বে চার মন্ত্রী যা জানালেন

কৃষি উপকরণ বিশেষ করে সার ও কীটনাশক সরবরাহে কোনো ধরনের অনিয়ম করলে বা বাধা প্রদান করলে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি যে রাজনৈতিক দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে তিনি এ তথ্য জানান। মানিকগঞ্জ-১ আসনের সদস্য এস এ জিন্নাহ কবীর এক লিখিত প্রশ্নে জানতে চান, সার ও কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ পর্যাপ্ত সরবরাহ করতে বাধা প্রদানকারী আওয়ামী ডিলারদের ডিলারশিপ বাতিলের কোনো ব্যবস্থা মন্ত্রণালয় নেবে কি না?

কৃষিমন্ত্রী জানান, ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’-এর আলোকে বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সমন্বিতভাবে নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। যে সব ডিলার অনিয়ম করবে বা উপকরণ সরবরাহ প্রক্রিয়ায় বাধা প্রদান করবে, তারা যে দলেরই হোক না কেন, সার ও কীটনাশক ডিলারশিপ বাতিলসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিটি শহরে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে হবে : দেশের নদী ও খাল-বিল দূষণ ঠেকাতে প্রতিটি শহরে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। গতকাল জাতীয় সংসদের অধিবেশনে এমপি এস এম রফিকুল ইসলামের প্রশ্নে তিনি এই মন্তব্য করেন। এমপি রফিকুল ইসলাম পরিবেশমন্ত্রীর কাছে জানতে চান, শিল্পকারখানার বর্জ্য পরিশোধন না করে নদী-নালায় ফেলায় জলাশয়ের পানি কালো রঙ ধারণ করছে। এই বিষয়ে মন্ত্রীর বক্তব্য কী? জবাবে পরিবেশমন্ত্রী বলেন, প্রতিটি শহরে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে হবে। নদী ও খাল-বিল দূষণরোধে কারখানাগুলোয় ইটিপি (তরল বর্জ্য পরিশোধন প্ল্যান্ট) চালু রয়েছে। একইভাবে কঠিন বর্জ্য ঠিকমতো প্রক্রিয়াজাতে বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে, যাতে কঠিন বর্জ্য থেকে তারা এনার্জি অথবা জৈব সার উৎপাদন করতে পারে।

আন্তর্জাতিক খেতাব ফিরে পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর : কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক’ খেতাব পাওয়ার ১২ দিনের মাথায় সেটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানবন্দরটিকে ফের আন্তর্জাতিক খেতাব ফিরিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে সরকার। গতকাল স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েক মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভূমি অফিসে দুর্নীতি কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে : উপজেলার ভূমি অফিসের নিয়ন্ত্রণহীন দুর্নীতির লাগাম টেনে ধরতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। গতকাল জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ কথা জানান।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, দালালদের হস্তক্ষেপ বন্ধের লক্ষ্যে ই-নামজারি বাধ্যতামূলক করা হয়েছে। এখন সেবাগ্রহীতাদের অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনের প্রতিটি ধাপে (যেমন নোটিস জারি, শুনানি, অনুমোদন) এসএমএস-এর মাধ্যমে আবদনকারীকে জানানো হয়, যাতে মাঝপথে কেউ অবৈধ সুবিধা নিতে না পারে।

ভূমি অফিসে যদি কেউ ঘুষ দাবি করে বা দালালচক্রের হয়রানির শিকার হন, তবে সরাসরি ১৬১২২ নম্বরে ফোন করে অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি ৭ দিন ২৪ ঘণ্টা সচল এবং প্রাপ্ত অভিযোগগুলো সরাসরি ভূমি মন্ত্রণালয় থেকে তদারকি করা হয়। এ ছাড়াও হটলাইনের মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়ে থাকে।