পটিয়ায় টিকার আওতায় আসছে ১৮২ শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ হাজার শিশু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি এমআর ভ্যাকসিন ক্যাম্পেইনের আওতায় ১৮২ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৫ হাজার শিশুকে এর আওয়ায আনা হচ্ছে । উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৪টি কিন্ডারগার্টেন ও ১০১টি এবতেদায়ি নুরানি মাদরাসার শিক্ষার্থীরা এই টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত হচ্ছে।

আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে এমআর টিকাদান কর্মসূচি। এউপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা কো-অর্ডিনেশন মিটিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানুর রহমান বলেন, এমআর ভ্যাকসিন শিশুদের মারাত্মক দুটি সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়। এই কর্মসূচি শতভাগ সফল করতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে এটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, ইসলামিক ফাউণ্ডেশন কর্মকর্তাদের মাধ্যমে উপজেলার প্রতিটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় যেন ঈমাম মুয়াজ্জিন খতিবরা যেন এ টিকা সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হলে পটিয়ায় হাম ও রুবেলা নির্মূলে বড় অগ্রগতি সম্পূর্ণ হবে। এজন্য সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে জরুরি সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা শারমিন আকতার হিমুসহ সাংবাদিক, ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।