পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেল মিনিবাস, আহত ১৪ যাত্রী

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০১:১৭ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটিতে থাকা অন্তত ১৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পটিয়ার মনসা বাদামতল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনিবাসটি চট্টগ্রাম নগরী থেকে যাত্রী নিয়ে পটিয়া বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হয়েছিল। মনসা বাদামতল এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং মহাসড়কের ওপরই উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা ১৪ যাত্রী আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত কমিউনিটি মেডিক্যাল অফিসার মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। সড়কের যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত