নারীদের উচ্চশিক্ষা জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

একটি শিক্ষিত মেয়ে শুধু একজন ব্যক্তি নন; তিনি একটি শিক্ষিত পরিবার, একটি সচেতন সমাজ এবং একটি সমৃদ্ধ জাতির ভিত্তি। তাই নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত।

শনিবার (১৮ জুলাই) বিকেলে পটিয়ার খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘নারীদের উচ্চশিক্ষা গ্রহণে সমস্যা ও প্রতিকার’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলা হয়। 

শিক্ষা-সংস্কৃতির অগ্রণী জনপদ পটিয়ার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ফোরকান।

সভায় বক্তারা বলেন, দারিদ্র্য, অল্প বয়সে বিয়ে, সামাজিক কুসংস্কার, নিরাপত্তাজনিত উদ্বেগ, যাতায়াতের সমস্যা, উচ্চশিক্ষার ব্যয় এবং অভিভাবকদের অনীহার কারণে অনেক মেধাবী ছাত্রী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপাধ্যক্ষ হাসিনা খানম, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু এবং সহকারী অধ্যাপক ভগীরথ দাশ।

এছাড়া মতবিনিময় সভায় অংশ নেন প্রধান শিক্ষক এটিএম তোহা, শ্যামল দে, মো. ইউসুফ, মো. ইরফান, কামাল উদ্দীন, অমিতাভ দত্ত, খোরশেদ আলম, কামাল উদ্দীন তালুকদার, সজিত দত্ত, শেখর দাশ গুপ্ত, মোহাম্মদ আবু জাফর, জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবদুল শুক্কুর, বিনীতা রায় চৌধুরী, সুনীল কুমার বড়ুয়া, মোহাম্মদ আবদুল মান্নান, আহমদ কবির, মুহাম্মদ ইসহাক এবং মোহাম্মদ সেলিম।

বক্তারা আরও বলেন, বিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি, অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, ঝরে পড়া শিক্ষার্থীদের খোঁজ নেওয়া, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ নিশ্চিত করা এবং নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা বলেন, একজন ছাত্রী যেন এসএসসি বা এইচএসসি শেষ করার পর পড়াশোনা বন্ধ না করে, বরং বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে পারে—সে লক্ষ্যেই সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত