আসকের নির্বাহী পরিচালক হলেন মানবাধিকারকর্মী তাহমিনা রহমান

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মানবাধিকার কর্মী তাহমিনা রহমান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বুধবার তিনি সংস্থাটির দায়িত্ব গ্রহণ করেছে বলে আসক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাহমিনা রহমান মানবাধিকার, নারী অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং ডিজিটাল অধিকারের ক্ষেত্রে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (২০১৯-২০২০) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও আসকের বিভিন্ন নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল-১৯ এর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দীর্ঘ সময় সংস্থাটির কার্যক্রমের বিস্তৃতি, নীতি-প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। 

মানবাধিকার কার্যক্রমে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে যুক্তরাজ্যের ব্রিটিশ সাম্রাজ্যের মোস্ট এক্সেলেন্ট অর্ডারের সদস্যের সম্মানে ভূষিত হন। এছাড়া ২০১৬ সালে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের জন্য মর্যাদাপূর্ণ ফ্রাঙ্কো, জার্মান প্রাইজ অর্জন করেন। 

শিক্ষাজীবনে তাহমিনা রহমান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে গবেষণা ফেলোশিপ অর্জন করেন এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সন্মান) ডিগ্রি অর্জন করেন।