পাঁচ সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

‘জনমানুষের বৈশাখ, শেকড়ের সংস্কৃতি’ এই স্লোগান নিয়ে পাঁচটি সংগঠন বাঙালমেল, কাব্যস্বর, বুকওয়ার্ম, চারবাক ও জনসংস্কৃতির যৌথ উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। কোরাস গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক কবি ফয়েজ আলম স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, পহেলা বৈশাখ মূলত দেশের জনমানুষের অনুষ্ঠান। এ দেশের চাষি, জেলে, পেশাজীবী, খেটে খাওয়া মানুষ, শত শত বছর ধরে পহেলা বৈশাখে কোরাস গান, হালখাতা, বাউল-মুর্শিদী গানের অনুষ্ঠান, কিস্সার আসর এসবের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে এসেছে। কিন্তু  গত কয় দশক ধরে শহরকেন্দ্রিক এলিট ঘরানার পহেলা বৈশাখের উদ্ভব হয়েছে, যার সঙ্গে দেশের সাধারণ মানুষের জীবনাচার বা বৈশাখী আচারের সম্পর্ক  নেই। পহেলা বৈশাখের নামে করপোরেট পুঁজির ব্যবসায়িক ছলাকলা আর ভিনদেশি সাম্প্রদায়িক আচার-প্রতীক পহেলা বৈশাখ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এসব অপসংস্কৃতি ঠেকাতে প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের অতিরিক্ত সচিব কবি ও কথাশিল্পী জোহরা পারুল, কবি খলিল মজিদ, রিসি দলাই, আরন্যক টিটু, মনির ইউসুফ, লেখক আবু বকর মো. মুইন, এখলাস মিয়া, মুরাদ হাসান ও নাহিদ বাদশাহ। শিল্পীদের কোরাস ও বাউল-মুর্শিদী গান এবং ঐতিহ্যবাহী খাবার পান্তা-আলুভর্তা-বাতাসার আপ্যায়ন উপস্থিত দর্শকশ্রোতাদের মুগ্ধ করে। বিজ্ঞপ্তি