আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত হয়ে গেছে। নির্বাচন স্থগিতের কারণ হিসেবে জ্বালানি সংকটে আইনজীবীদের নির্বাচনী কার্যক্রম বিঘিœত হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে। ফলে আগামী ১৯ মে পূর্ব নির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। গত বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে ওই দিন রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি উল্লেখ করে বলা হয়, ‘দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে আগামী ১৯ মে তারিখে অনুষ্ঠিতব্য বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাধারণ আসনের সাতটি ও আঞ্চলিক আসনের সাতটি পদে অংশগ্রহণকারী আইনজীবীদের সারা দেশে নির্বাচনী প্রচারণা কার্যক্রমসমূহ উল্লেখযোগ্যভাবে বিঘিœত হওয়ার আশঙ্কা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির কাছ থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধসমূহ যথাযথভাবে বিবেচনায় নিয়ে বিগত ২ এপ্রিলের কাউন্সিল সভার সিদ্ধান্তমতে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন স্থগিত করা হলো।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত ২ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে বার কাউন্সিলের সদস্য নির্বাচনের ভোটগ্রহণের জন্য ১৯ মে দিন নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান (পদাধিকারবলে) মো. রুহুল কুদ্দুস কাজল।