আসামি প্রকাশ্যে ঘুরলেও ধরছে না পুলিশ, নিরাপত্তাহীন মামলার বাদী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুর রউফ সরকার নামে এক ব্যক্তিকে চাকরি দেওয়ার নামে প্রতারিত করে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোওয়ানা থাকা সত্বেও অভিযুক্ত রবিউল ইসলাম (৩১) প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ।

আব্দুর রউফ সরকার উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পশ্চিম কাজীপাড়া গ্রামের মৃত আমির উদ্দিন সরকারের ছেলে। অভিযুক্ত রবিউল ইসলাম পাশ্ববর্তী বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর গ্রামের বাসিন্দা আব্দুল মোত্তালেবের ছেলে।

জানা গেছে, রবিউল ইসলাম চাকরি দেওয়ার নামে ২০২২ সালের ২৯ নভেম্বর আব্দুর রউফ সরকারকে প্রতারিত করে ১৫ লাখ টাকা হাতিয়ে নেন। ২০২৩ সালের ১২ নভেম্বর এ ঘটনায় আব্দুর রউফ সরকার বাদী হয়ে রবিউল ইসলামকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালত ২০২৫ সালের ৩০ জুলাই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোওয়ানা (ওয়ারেন্ট) জারি করেন। আদালতের সিএসআই শরীফ উদ্দীন জানান, রবিউল ইসলামকে গ্রেপ্তারে যথা সময়ে গ্রেপ্তারি পরোওয়ানা সোনাতলা থানায় পাঠানো হয়েছে।

আব্দুর রউফ সরকারের অভিযোগ, আদালত থেকে গ্রেপ্তারি পরোওয়ানা জারি হওয়ার পর  কয়েকমাস পেরিয়ে গেছে। ওয়ারেন্টের আসামি রবিউল ইসলাম এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। শুধু তাই নয় মামলা তুলে নিতে প্রান নাশের হুমকিসহ নানা চাপ দিয়েছেন। এ ঘটনায় তিনি নিরাপত্তার দাবি করে স্থানীয় থানায় গত ১২ এপ্রিল একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে, সোনাতলা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস বলেন, বরিউলের গ্রেপ্তারি পরোওয়ানা পাওয়া গেছে। আমি তাকে খুঁজছি, কিন্তু পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন বলে জানান মামলার বাদী।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আসামি ধরতে পুলিশের কোনও গাফিলতি নেই। তাকে ধরতে অভিযান চলছে।