ঢাকার কেরানীগঞ্জ থেকে জাল টাকার কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই এলাকায় আরেকটি অভিযানে গাড়ি চোরাকারবারির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জাল টাকার কারবারি মো. সাগর এবং গাড়ি চোরাকারবারি আলমগীর হোসেন, আসাদুজ্জামান আজমীর ও বিল্লাল মিয়া। তাদের কাছ থেকে ৮২ হাজার জাল টাকার নোট, একটি সিএনজি ও তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি দল কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করেন। ওই ঘটনায় আসামির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় জাল টাকার একটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় চুরির ঘটনায় আরেকটি মামলা হয়েছে। আসামিদের পরে আদালতে সোপর্দ করা হয়।