মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজারে একযোগে ৬টি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় একজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে বাজারের সোনার পট্টিতে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের বেলায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। ভোররাতে মুখোশধারী ৫-৬ জনের একটি ডাকাত দল একটি মিনি ট্রাকে করে বাজারে আসে। তারা প্রথমে বাজারের পাহারাদারকে মারধর করে বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর একে একে ৬টি সোনার দোকান ও পাশের ২টি মুদির দোকানে হানা দিয়ে স্বর্ণালংকার, রুপা, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্তদের তথ্য অনুযায়ী, গৌতম মালোর ‘শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স’ থেকে প্রায় ৫৫ ভরি রুপা, বিদ্যুৎ মন্ডলের ‘নিউ নারান জুয়েলার্স’ থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল, সেন্টু মালোর ‘ভাগ্যশ্রী জুয়েলার্স’ থেকে ৩০ ভরি সোনা, প্রায় ৫০০ ভরি রুপা ও ১ লাখ টাকা নগদ লুট করা হয়েছে। এছাড়া পরিমল মালোর ‘নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স’ থেকে আড়াই ভরি সোনা, প্রায় ১ কেজি রুপা ও ৯৫ হাজার টাকা, স্বদেব মন্ডলের ‘নিউ কনিকা জুয়েলার্স’ থেকে ১ ভরি সোনা, ৭০ ভরি রুপা ও ৪০ হাজার টাকা এবং ভরত মালোর ‘মা লক্ষ্মী গহনালয়’ থেকে প্রায় ৭ ভরি রুপা লুট করা হয়।
একই সঙ্গে পাশের জিয়া হাওলাদারের ‘জিয়া স্টোর’ নামের একটি মুদি দোকান থেকেও প্রায় ৫ লাখ টাকার সিগারেট ও ৫০ হাজার টাকা নগদ নিয়ে যায় ডাকাতরা।
ডাকাতির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, হাউসদী বাজারে সংঘটিত চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে জেলা পুলিশের গোয়েন্দা টিমসহ একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।