বলিউড বাদশা শাহরুখ খানের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক! প্রায় ১৭ বছর আগে মুক্তি পাওয়া ছবি 'ওম শান্তি ওম' এবার জায়গা করে নিল বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় মঞ্চ অস্কারের দরবারে। খোদ অস্কারের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাহরুখের একটি ক্লিপ শেয়ার করা হয়েছে, যা দেখে উত্তাল গোটা নেটদুনিয়া।
সম্প্রতি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (অস্কার) তাদের ইনস্টাগ্রাম পেজে 'ওম শান্তি ওম' ছবির সেই বিখ্যাত দৃশ্যটি পোস্ট করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখের সেই চিরসবুজ ডায়ালগ ‘ইতনি শিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কি কোশিশ কি হ্যায়...’।
ভিডিওটি নজর এড়ায়নি কিং খানেরও। তিনি পুরনো দিনের স্মৃতিতে ডুবে গিয়ে ভিডিওটি শেয়ার করেছেন। ওদিকে ছবির পরিচালক ফারহা খান আনন্দে আত্মহারা। তিনি জানিয়েছেন, এত বছর পর যখন আন্তর্জাতিক স্তরে তার কাজকে এভাবে উদযাপন করা হয়, তখন বুকটা গর্বে ভরে ওঠে।