বিকল্প অকটেন তৈরিকালে বিস্ফোরণে দগ্ধ মাসুদের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরিকালে বিস্ফোরণে দগ্ধ নুর আলম মাসুদ মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত নুর আলম মাসুদ সোনাগাজী পৌরসভার চরগনেশ গ্রামের বাসিন্দা।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নিহতের শ্যালক মোহাম্মদ রাসেল বলেন, ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনা হবে।

তিনি জানান, ১৪ এপ্রিল বিকেলে পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে ‘সততা অয়েল মিলস’ নামে একটি প্রতিষ্ঠানে অনুমোদনবিহীনভাবে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টা চালান। এ সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ হঠাৎ বিস্ফোরিত হয়। এতে মাসুদ ও তার সহযোগী ওমর ফারুক গুরতর আহত হন। রাতে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, এঘটনার পর সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছে।

স্থানীয় জানায়, মৃত মাসুদ অয়েল মিল পরিচালনার পাশাপাশি গরুর খামার রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করে ব্যবহার করতেন। সাম্প্রতিক সময়ে দেশে জ্বালানির সংকট তৈরি হলে বেশি পরিমাণ অকটেন তৈরির সময় দুর্ঘটনার কবলে পড়েন।

এ ঘটনায় পরিবার অথবা প্রশাসনের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি।