ফেনীর সোনাগাজীতে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ নুর আলম মাসুদ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
নিহতের শ্যালক মোহাম্মদ রাসেল বলেন, গত মঙ্গলবার বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সততা অয়েল মিলে বিস্ফোরণে মাসুদ ও তার সহযোগী ওমর ফারুক বিস্ফোরণে গুরুতর আহত হন। ওই রাতে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মাসুদ সোনাগাজী পৌরসভার চরগনেশ গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের ‘সততা অয়েল মিলস’ নামের একটি প্রতিষ্ঠানে অনুমোদনবিহীনভাবে বিকল্প উপায়ে অকটেন তৈরির করার চেষ্টা চলছিল। এ সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর সোনাগাজী মডেল থানা পুলিশ সততা মিলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহত মাসুদ দীর্ঘদিন ধরে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করে ব্যবহার করতেন। সাম্প্রতিক সময়ে দেশে জ¦ালানির সংকট তৈরি হলে বেশি পরিমাণ অকটেন তৈরির সময় দুর্ঘটনার কবলে পড়েন।