ময়মনসিংহ মেডিকেল কলেজ

ছাত্রাবাসে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ আগামী ৭ দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। গতকাল শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার রাত ৯টার দিকে নগরীর বাঘমারা এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন মো. মুয়াজ ও মীর হামিদুর। তারা উভয়ই ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। জানা যায়, মো. মুয়াজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ গ্রুপের এবং মীর হামিদুর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ গ্রুপের কর্মী।

পুলিশ, হাসপাতাল ও কলেজ সূত্রে জানা যায়, বাইকে তেল ভরাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে নাফিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ নাজমুল আলম খান বলেন, ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং পরিস্থিতি বিবেচনায় আগামী সাত দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।