টাঙ্গাইলে ঝিনাই নদীর সেতুতে যান চলাচল শুরু

টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড়ে ঝিনাই (পুংলি) নদীর ওপর এলজিইডি নির্মিত ২৮২ মিটার পিএসসি গার্ডার সেতুর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি সেতুটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে করে বাসাইল উপজেলার অন্তত ১৫টি গ্রামের মানুষের জেলার সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে।

মন্ত্রী উদ্বোধন শেষে দৃষ্টিনন্দন সেতুটি ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী স্থানীয়দের বলেন, ‘আমাদের সরকার ক্ষমতায় আসার পরপরই বাসাইল-সখীপুরসহ সারা দেশে উন্নয়ন কর্মকান্ড শুরু করে দিয়েছি। তার অংশ হিসেবেই আজকে এই দাপনাজোড় ব্রিজ উদ্বোধন করা হলো।’

সেতু দিয়ে চলাচল করা সিএনজিচালক সোলাইমান হোসেন বলেন, ‘সেতুটি উদ্বোধনের ফলে আমাদের যাতায়াত সহজ হয়েছে। তবে সেতুর দুই পাশের সড়কে খানাখন্দ রয়েছে।’ সেতুর প্রকৃত সুফল পেতে দুই পাশের সড়ক মেরামতের দাবি জানান তিনি।

এ বিষয়ে বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, ‘সেতুটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আজ দাবি পূরণ হয়েছে।’ খুব শিগগির সেতুর দুই পাশের সড়ক মেরামত করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিআইবিআরআর প্রকল্পের আওতায় ২৯ কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে ২৮২ মিটার পিএসসি গার্ডার ব্রিজটি নির্মাণ করা হয়। এটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হামিম-সালেহ (জেভি)।