মেরিন ড্রাইভে চলন্ত গাড়িতে আগুন

কক্সবাজারে-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে একটি চলন্ত যাত্রীবাহী প্রাইভেটকারে আগুন লেগে পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার (১৯ এপ্রিল) ভোর সোয়া ৬টা দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, ভাড়ায়চালিত চট্টগ্রামের একটি যাত্রীবাহী প্রাইভেটকার টেকনাফ শাপলা চত্বর থেকে চার যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনার সময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গাড়িটি পুড়ে গেছে।

এদিকে টেকনাফ সদরের কচুবনিয়া এলাকার গাড়ির চালক মো. ফিয়ার আলম আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।