ময়মনসিংহের তারাকান্দায় একই স্থানে বিএনপির দুই পক্ষ পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিলে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত তারাকান্দা বাজার এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের অনুসারীরা তারাকান্দা দক্ষিণ বাজারের চৌধুরী রাইস মিল এলাকায় গতকাল বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। একই সময়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক কর্মসূচির ডাক দেন মোতাহার হোসেন তালুকদারের সমর্থকরা। একই সময় ও কাছাকাছি স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘোষণায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, উভয়পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) রাকিবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।