বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নামে সামাজিক মাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে মানহানির অপচেষ্টার অভিযোগে ডিএমপির রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহীদুল ইসলাম প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এ জিডি করেন।
গতকাল সোমবার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জানান, ‘গত রবিবার প্রতিমন্ত্রীর একান্ত সচিব জিডি করেন। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
জিডিতে উল্লেখ করেন, গত রবিবার সেগুনবাগিচা এলাকায় অবস্থান করার সময় জানতে পারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ব্যবহার করে ফটোকার্ড তৈরি করে ফেসবুক গ্রুপ জেনজি (এফএস গেমিং) থেকে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। ফটোকার্ডে লেখা আছে, ‘গতকাল রাতে আমি ঢাকার অন্তত ১০টা পাম্পে গিয়েছি; কোথাও কোনো ভিড় বা জ্বালানি সংকট চোখে পড়েনি জ্বালানি প্রতিমন্ত্রী।’
কিন্তু প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট দিন রাতে কোনো তেল পাম্প পরিদর্শন করেননি এবং এমন বক্তব্য কোথাও দেননি। বিশ্বব্যাপী তেল সংকট দেশে যে প্রভাব সৃষ্টি করছে, তা মোকাবিলায় তিনি অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার মাতারবাড়িতে বিভিন্ন তেল ও বিদ্যুৎ-সংক্রান্ত অবকাঠামো পরিদর্শন ও দিকনির্দেশনা দেওয়া শেষে গতকাল বিকেলে ঢাকায় ফেরেন।
প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ভুয়া ফটোকার্ড তৈরি করে ওই ফেসবুক গ্রুপের মাধ্যমে তার বরাতে মিথ্যা তথ্য ছড়িয়ে তার সুনামহানির অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের জ্বালানি ব্যবস্থাপনায় তিনি স্বল্প সময়ে যে সফলতার স্বাক্ষর রেখেছেন, তা মøান করার চেষ্টা করা হচ্ছে। দুষ্কৃতকারীকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা দরকার।