সাবেক এসপিসহ আটজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অভিযুক্তদের মধ্যে রয়েছেন যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল অভিযোগ গঠন বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি নিয়ে গতকাল সোমবার এ আদেশ দেয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনের পায়ে গুলি করা হয়। একপর্যায়ে তাদের পায়ে পচন ধরলে পা কেটে ফেলতে হয়। এ মামলার আট আসামির মধ্যে পুলিশের তিন সদস্য আকিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান ও কাজী জহুরুল হক কারাগারে আছেন। গতকাল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক এসপি আনিসুরসহ পাঁচ আসামি এখনো পলাতক।