মিরপুরে চাঁদা দাবি করে গুলি, গ্রেপ্তার ৪

রাজধানীর কাফরুলে এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি করে গুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাদের গেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রানা, সাগর শেখ, মো. কালু ও শশী। গতকাল সোমবার মিরপুরে র‌্যাব-৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি বলেন, সিসিটিভির ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চাঁদাবাজির ঘটনায় জড়িত চারজনকে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় কাফরুলে এ কে এম অ্যাপারেলস গার্মেন্টস কারখানায় ১২-১৩ জন প্রবেশ করে প্রতিষ্ঠানের মালিক কামরুলের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজন পিস্তল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি করে। পরে তার অফিসের লকার ভাঙচুর করে এবং তিন দিনের মধ্যে চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেন। তারা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে চলে যায়। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করেন ওই ভুক্তভোগী ব্যবসায়ী কামরুল।

গ্রেপ্তার হওয়া রানা ঘটনার পরিকল্পনাকারী জানিয়ে কে এন রায় নিয়তি বলেন, ঘটনার আগেই রানা গার্মেন্টসে যান এবং আশপাশের নিরাপত্তা সম্পর্কে ধারণা নেন। রানা ধারণা করেছিলেন এখানে ভয়ভীতি দেখালে মোটা অঙ্কের টাকা আদায় করা যাবে। তিনি জানান, আসামিরা মিরপুর ও কাফরুলসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত। তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।