জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রেঞ্চেসকা আলবানিজ ইসরায়েলি দখলদার বাহিনীকে বিশ্বের সবচেয়ে ‘নিকৃষ্ট’ সামরিক বাহিনী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই বাহিনীর কর্মকাণ্ড সমস্ত আইনগত সীমাকে লঙ্ঘন করেছে। তারা আন্তর্জাতিক আইনের চরম অবমাননা করেছে।
সম্প্রতি ইসরায়েলি সেনাদের হাতে এক ফিলিস্তিনি শিশুর নৃশংস নির্যাতনের একটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়ার পর নিজের প্রতিক্রিয়ায় আলবানিজ এই মন্তব্য করেন। তিনি তার অফিসিয়াল অ্যাকাউন্টে লেখেন, ‘পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে আমি পূর্ণ নিশ্চয়তার সঙ্গে বলছি: ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও বিপথগামী সেনাবাহিনী।’
গাজা উপত্যকায় ইসরায়েল কর্তৃক সংঘটিত অপরাধকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন পেশ করার পর থেকেই আলবানিজ ব্যাপক উসকানি ও সরাসরি প্রাণনাশের হুমকির সম্মুখীন হচ্ছেন। ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতা ও হুমকির মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিবেদনটি প্রকাশের পর থেকে তার জীবন এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে তিনি বর্ণনা করেন।
জাতিসংঘের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগত গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এর ফলে গাজা উপত্যকার অধিকাংশ হাসপাতাল ধ্বংস হয়েছে, অসংখ্য চিকিৎসাকর্মী নিহত, আহত বা গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া দীর্ঘ অবরোধের কারণে গাজার মানবিক পরিস্থিতি, বিশেষ করে স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন এক লাখ ৭২ হাজারের বেশি মানুষ। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকার অবকাঠামোর প্রায় ৯০ শতাংশই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।