বাংলায় ভিডিও বার্তা দিয়ে প্রশংসায় নিউ ইয়র্কের মেয়র মামদানি

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বাংলায় ভিডিও বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়িয়েছেন। হাইস্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্রডওয়ে শোর টিকিট দেওয়ার ঘোষণা বাংলায় দেওয়ায় বিশেষভাবে নজর কেড়েছেন তিনি। সোমবার (১৭ আগস্ট) সামাজিক মাধ্যমে এ ভিডিও বার্তা প্রকাশিত হয়। 

মামদানি জানিয়েছেন, নিউইয়র্কের হাইস্কুল শিক্ষার্থীদের পেশাদারি থিয়েটারের অভিজ্ঞতা দিতে ২ হাজার ব্রডওয়ে টিকিট বিনামূল্যে দেওয়া হবে। লটারির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এসব টিকিট বিতরণ করা হবে।

থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ডের সঙ্গে যৌথভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে টিকিটের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অন্যান্য ব্রডওয়ে শোর টিকিটেও ছাড়ের ব্যবস্থা থাকবে।

বিশ্বজুড়ে জনপ্রিয় নিউইয়র্কের ব্রডওয়ে শো দেখতে প্রতিবছর বিপুলসংখ্যক দর্শক শহরটিতে আসেন। তবে এসব শোর টিকিট অনেকের কাছেই ব্যয়বহুল। তাই শহরের শিক্ষার্থীদেরও নিউইয়র্কের সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ এই অংশের সঙ্গে পরিচিত করাই উদ্যোগটির অন্যতম লক্ষ্য।

মামদানির বাংলায় দেওয়া ঘোষণাটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নিউইয়র্কে বড় একটি বাংলাভাষী অভিবাসী জনগোষ্ঠী রয়েছে। বিশেষ করে দ্য ব্রঙ্কসের বিভিন্ন এলাকায় বাংলাদেশিসহ বাংলাভাষী মানুষের উল্লেখযোগ্য বসবাস রয়েছে।

মেয়র নির্বাচনের প্রচারণার সময়ও মামদানি বাংলাসহ বিভিন্ন ভাষায় ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফলে বাংলায় দেওয়া সাম্প্রতিক ভিডিও বার্তাটিকে বাংলাভাষী নিউইয়র্কবাসীর সঙ্গে তার সরাসরি যোগাযোগের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত