ঘুষ দাবির সত্যতা মিলেছে সাইমুম রেজার বিরুদ্ধে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আসামিকে জামিন করিয়ে দিতে ঘুষ দাবির অভিযোগের সত্যতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি। গতকাল সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এ কথা জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, এ সংক্রান্ত অডিও রেকর্ডের সত্যতা মিলেছে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর সাইমুম রেজা স্বেচ্ছায় পদত্যাগ করলেও তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে বলে জানান অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

কিছুদিন আগে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও ট্রাইব্যুনালের বিচারাধীন মামলার আসামি ফজলুল করিম চৌধুরীর স্ত্রীর সঙ্গে প্রসিকিউটর সাইমুম রেজার একটি অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সাইমুম রেজাকে ঘুষ লেনদেনের বিষয়ে আলোচনা করতে শোনা যায়। এ নিয়ে তোলপাড়ের পর ঘটনার তদন্তের উদ্যোগ নেয় প্রসিকিউশন এবং ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে আমরা ওই অডিও রেকর্ডটির সত্যতা পেয়েছি। বিষয়টি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তদন্ত করে দেখছে।’