কক্সবাজারের টেকনাফ পাহাড়ের একটি আস্তানা থেকে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপর দুজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তারা একটি অপহরণকারী চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহতরা হলেন একই এলাকার রুহুল আমিনের ছেলে রবিউল আউয়াল, নুরুল কবিরের ছেলে মুজিব উল্লাহ এবং নুরুল ইসলামের ছেলে নুরুল বশর। এদের মধ্যে মুজিব ও বশরের বিরুদ্ধে একাধিক অপহরণ মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি উত্তর শিলখালী পাহাড়ি এলাকায় যান। সেখানে একজনের মরদেহ দেখতে পান। পাশেই একটি কোদাল পাওয়া যায় এবং নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল।
তিনি আরও জানান, পরিবারের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, নিহতদের মধ্যে দুজন অপহরণ ও ডাকাত দলের সদস্য।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নিহতদের বিরুদ্ধে অপহরণ ও মানব পাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।