গ্রাম থেকে নারীদের চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে এসে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ সময় তাদের হেফাজত থেকে দুই ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার গাজীপুর ও গুলশান থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেনÑপাভেল মিয়া ও আসাদুজ্জামান।
গতকাল মঙ্গলবার র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেন, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী দুজনকে ঢাকায় নিয়ে এসে বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কাজ করতে বাধ্য করতেন অভিযুক্তরা। অসামাজিক কাজে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীদের শারীরিক নির্যাতনসহ মেরে ফেলার হুমকি দিতেন চক্রের সদস্যরা। তাদের বিরুদ্ধে রাজধানীর শাহআলী থানায় মানব পাচার আইনে একটি মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা জানান, অভিযুক্ত পাভেল আগের স্ত্রীর কথা গোপন রেখে ভুয়া কাবিননামা করে একাধিক বিয়ে করে তাদেরও অসামাজিক কাজ করতে বাধ্য করেন। দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে গ্রামের মেয়েদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে অসামাজিক কাজ করতে বাধ্য করতেন।