ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা গ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, জোট এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসি জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও এর জোট থেকে মোট ৩৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর জোট থেকে জমা পড়েছে ১৩টি মনোনয়নপত্র। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে একটি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া আরও তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যারা কোনো দল বা জোটের পক্ষে নন। তারা হলেন শাম্মা আক্তার, মোসাম্মৎ মেহরুন্নেসা এবং মাহবুবা রহমান। তারা স্বতন্ত্রভাবে নিজেদের উদ্যোগে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২২ ও ২৩ এপ্রিল। ২২ এপ্রিল বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আপিলের নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন ২৭ ও ২৮ এপ্রিল, সকাল ১১টা থেকে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে শেষ না হওয়া পর্যন্ত।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১২ মে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রার্থীদের যোগ্যতা, অযোগ্যতা এবং সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়। এ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বিধান প্রযোজ্য হবে।
গতকাল সকাল থেকে মনোনয়ন জমা দিতে আসেন বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিন বিকেল পৌনে ৬টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা দিয়ে তারা একটি রিসিভ কপি নিয়েছেন, যেখানে ১৯ মিনিট বিলম্বে গ্রহণের বিষয়টি উল্লেখ রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার সময় নুসরাত তাবাসসুম উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে সংসদের বিরোধী দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ২০২৩ সালের ১১ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দেন এবং গত বছরের ডিসেম্বরে চাকরি ছাড়েন। ফলে চাকরি ছাড়ার মাত্র চার মাস হওয়ায় তার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরপিওর ১২ (১) (চ) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার তিন বছর পূর্ণ না হলে তিনি সংসদ সদস্য নির্বাচনে অযোগ্য হবেন। ফলে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) অনুযায়ী তার মনোনয়ন বাতিল হতে পারে।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আমি মনে করি এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করা হয়েছে। এখানে প্রবীণ এবং নবীনের যে সমন্বয় হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেইরকম ভূমিকা রাখতে পারবে।
তিনি বলেন, ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ। ১৭ বছর পরের এই সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সৌন্দর্যশালী করার লক্ষ্যে কাজ করবে এবং আমরা কাজ করব।