প্রপোজ করার নামে প্রেমিককে পুড়িয়ে মারলেন তরুণী

ভারতের বেঙ্গালুরুতে ভালোবাসার সম্পর্কের এক বীভৎস পরিণতি প্রকাশ্যে এসেছে। অবহেলিত হওয়ার ক্ষোভ থেকে নিজের প্রেমিককে ঘরে ডেকে এনে চেয়ারে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার, যা পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

নিহত যুবকের নাম কিরণ এবং অভিযুক্ত তরুণীর নাম প্রেরণা। পুলিশ জানিয়েছে, তারা দুজনেই একটি টেলিকম দোকানে কাজ করতেন এবং গত এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি প্রেরণা মনে করতে থাকেন যে কিরণ তাকে এড়িয়ে চলছেন। এমনকি কিরণ তাকে বিয়ে করবেন না এমন সন্দেহ থেকে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ নৃশংস রূপ ধারণ করে।

ঘটনার দিন দক্ষিণ বেঙ্গালুরুর অঞ্জনাপুরায় নিজের বাড়িতে একা ছিলেন প্রেরণা। সেই সুযোগে তিনি কিরণকে সেখানে ডেকে পাঠান। কিছুক্ষণ গল্প করার পর প্রেরণা তাকে জানান যে, তিনি বিদেশে জনপ্রিয় একটি নতুন কায়দায় তাকে প্রেম নিবেদন (প্রপোজ) করতে চান। সরল বিশ্বাসে কিরণ তাতে রাজি হলে প্রেরণা তার চোখের সামনে পট্টি বেঁধে তাকে একটি চেয়ারে শক্ত করে বেঁধে ফেলেন।

হত্যাকাণ্ডের সময় প্রেরণা অত্যন্ত ঠান্ডা মাথায় পুরো ঘটনাটি নিজের ফোনে ভিডিও করেন। পুলিশি তথ্য অনুযায়ী, কিরণকে যখন বাঁধা হচ্ছিল, তখন তিনি কিছুটা আপত্তি জানিয়েছিলেন। কিন্তু প্রেরণা তাকে আশ্বস্ত করেন যে এটি সারপ্রাইজেরই অংশ। এরপর কিরণ যখন হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় অপেক্ষা করছিলেন, তখনই প্রেরণা তার গায়ে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেন। 

স্থানীয় পুলিশের ডেপুটি কমিশনার ডিএল নাগেশ জানিয়েছেন, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, অবহেলার প্রতিশোধ নিতেই তিনি এই কাজ করেছেন। বর্তমানে পুলিশ ওই ঘটনার ভিডিও ফুটেজটি উদ্ধারের চেষ্টা করছে এবং মামলাটি নিয়ে অধিকতর তদন্ত চালাচ্ছে।