বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েও যাঁরা চাকরিতে যোগদান করতে পারেননি বা এমপিওভুক্ত হতে পারেননি, এমন প্রায় ৩০০ শিক্ষককে প্রতিস্থাপন করা হবে। এ সংক্রান্ত ফাইল ইতোমধ্যে চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) এনটিআরসিএ সূত্র জানায়, ২০০ থেকে ৩০০ শিক্ষককে প্রতিস্থাপন করা হবে। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদ্য সংগৃহীত শূন্য পদের ভিত্তিতে তাঁদের প্রতিস্থাপন করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রার্থীদের প্রতিস্থাপনের ফাইল ইতোমধ্যে চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এ ফাইল অনুমোদনের পর তাঁদের প্রতিস্থাপন করা হবে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘প্রতিস্থাপনের পাশাপাশি ভুল চাহিদা দেওয়ার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের শোকজ করা হবে। শোকজের জবাব পাওয়ার পর তাঁদের শাস্তির মুখোমুখি করা হতে পারে।’