আবির্ভাবেই স্বপ্ন পূরণ: বিএফএলে উঠলো চট্টগ্রাম সিটি

ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে প্রথম অংশ নিয়েছিল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব। বিসিএল-এ আবির্ভাবেই শীর্ষ লিগে খেলা নিশ্চিত করেছে দলটি। বুধবার নগর প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে প্রমোশনের আনুষ্ঠানিকতা সেরে রেখেছে বন্ধন নগরীর ক্লাবটি।

১৫ ম্যাচে ১১ জয়ে চট্টগ্রাম সিটির সংগ্রহ এখন ছত্রিশ পয়েন্ট। টেবিলের তিনে থাকা ঢাকা ওয়ান্ডার্সের (১৪ ম্যাচে ২০) আর সুযোগ নেই চট্টগ্রাম সিটিকে ছোঁয়ার বা টপকে যাওয়ার। শেষ তিন ম্যাচের দুটি জিতলে চ্যাম্পিয়ন হয়েই শীর্ষ লিগ খেলবে তারা। টেবিলের দুইয়ে থাকা সিটি ক্লাবের চেয়ে চট্টগ্রাম সিটি এগিয়ে আছে ৯ পয়েন্টে। সিটি ক্লাব অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

বুধবার কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধ থাকে গোলশূণ্য। বিরতি থেকে ফিরে ৫৯ মিনিটে দিদারুল ইসলামের গোলে লিড নেয় চট্টগ্রাম সিটি। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মাশরাফি ইসলাম। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করেন চট্টগ্রাম আবাহনীর সাইফুল্লাহ সরদার।

চট্টগ্রাম সিটির আনন্দের দিনে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে নেমে যাওয়া ভীতি পেয়ে বসেছে চট্টগ্রাম আবাহনীকে। ১৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তলানীতে তারা। অবনমন ঝুকিতে আছে লিটল ফ্রেন্ডসও। বুধবার অপর ম্যাচে বিআরটিসি ১-০ গোলে খেলাঘরকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্রমোশনের সম্ভাবনা টিকিয়ে রেখেছে। তাদের সংগ্রহ ১৫ ম্যাচে ২০।