৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন

জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ১০ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব; সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।

কমিটির কার্যপরিধিতে থাকছে, কমিটি জাতীয় বেতন কমিশন, ২০২৫; বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনসমূহের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করবে। কমিটি যথাসময়ে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের গত ৮ ফেব্রুয়ারির ০৪.০০. ০০০০,০০০, ৬১১,০৬, ০০০২.২৫.২৮ স্মারকের অনুবৃত্তিক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।