সক্রিয় ১৬ দালালকে জরিমানা

ঢাকার মিটফোর্ড হাসপাতালে অভিযান চালিয়ে ১৬ জন সক্রিয় দালালকে সাড়ে ৭৭ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পৃথক আরেক অভিযানে নকল প্রসাধনী তৈরির সামগ্রী পাওয়ায় একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার র‌্যাব সদর দপ্তরের মাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-১০।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার মিটফোর্ড হাসপাতালে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালালচক্রের ৩০ সক্রিয় সদস্যকে আটক করা হয়। এর মধ্যে ১৬ জন সক্রিয় সদস্যকে জরিমানা করা হয় ৭৭ হাজার ৫০০ টাকা। বাকি সদস্যদের মৌখিকভাবে সতর্ক করা হয়। এ ছাড়া বড়কাটরা এলাকায় নকল কসমেটিকস ও প্রসাধনী পণ্য তৈরির উপকরণসহ আরমান হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছে র‌্যাব।