পানির অভাবে কমেছে বিদ্যুৎ উৎপাদন

রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানিস্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন আরও হ্রাস পেয়েছে। বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে শুধুমাত্র একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর এই একটি ইউনিট থেকে শুধুমাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই কেন্দ্রে পাঁচটি ইউনিটের মাধ্যমে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় ২৪২ মেগাওয়াট।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির স্তর দিন দিন কমতে থাকে। আর পানির ওপর নির্ভরশীল এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বুধবার সকাল ৯টা পর্যন্ত শুধুমাত্র ২ নম্বর ইউনিট  থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে ৮৩.৮০ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও বুধবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৭৭. ৪৭ এমএসএল।

এদিকে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বিগত সপ্তাহগুলোতে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও কাপ্তাই হ্রদের পানির লেভেল দ্রুত কমতে থাকায় গত মঙ্গলবার থেকে শুধুমাত্র একটি করে ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।