রবিউল আগুনে পুড়লো বিজয়-মিঠুনরা, তিন দিনেই জয় উত্তরাঞ্চলের

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ১২তম আসরের প্রথম রাউন্ডেই দাপুটে জয় তুলে নিল উত্তরাঞ্চল। প্রীতম কুমার ও আকবর আলীর জোড়া সেঞ্চুরির পর পেসার রবিউল হকের বিধ্বংসী বোলিংয়ে  দক্ষিণাঞ্চলকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের তিন দিনেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আকবর আলীর দল।
 

সিলেট একাডেমি মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল ৩১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৫৩ ও ইফতিখার হোসেন ৪৪ রান করেন। উত্তরাঞ্চলের আব্দুল্লাহ আল মামুন ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট নেন।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে উত্তরাঞ্চল পাহাড়সম ৪২৬ রান তোলে। দুই উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রীতম কুমার ও অধিনায়ক আকবর আলীর ব্যাটে চড়ে ১১২ রানের লিড পায় তারা। প্রীতম ২০৩ বলে ১৫৫ রানের লড়াকু ইনিংস খেলেন, আর আকবর আলী করেন ১৫৮ বলে ১২১ রান। দক্ষিণাঞ্চলের সফর আলী ৯৯ রানে ৫টি উইকেট শিকার করেন।
 
আজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণাঞ্চল। রবিউল হকের তোপে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। রবিউল একাই ৫৩ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দেন। দলের পক্ষে সামিউন বাসির সর্বোচ্চ ৫৩ রান করলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
 
জয়ের জন্য মাত্র ৬১ রানের লক্ষ্য পায় উত্তরাঞ্চল। কোনো উইকেট না হারিয়েই ৯.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ওপেনার সাব্বির হোসেন ৩৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। রবিউল হক ম্যাচে মোট ৬ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের জয়ে বড় ভূমিকা রাখেন।
 

স্কোরকার্ড সংক্ষেপ

 
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩১৪/১০ (৮০.২ ওভার); মিঠুন ৫৩, ইফতিখার ৪৯, রিজান ৪৭; আব্দুল্লাহ আল মামুন ৩/৩৭, তাইজুল ৩/৮৫।
 
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৪২৬/১০ (৯৭.৩ ওভার); প্রীতম ১৫৫, আকবর ১২১, সানজামুল ৪৫; সফর আলী ৫/৯৯, সামিউন ২/৫০।
 
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ১৭২/১০ (৪৫.১ ওভার); সামিউন ৫৩, মঈন ৪২, ইফতিখার ৩২; রবিউল হক ৫/৫৩, মেহরাব ২/১৬, তাইজুল ২/৩৭।
 
উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৬১/০ (৯.৪ ওভার); সাব্বির ৫৪*, আব্দুল্লাহ আল মামুন ৭*।
 
ফলাফল: উত্তরাঞ্চল ১০ উইকেটে জয়ী।