চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাটিং দাপট দেখিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি আর লিটন দাসের ৯১৭ দিন পরের ফিফটিতে বড় সংগ্রহের ভিত পেয়েছে টাইগাররা। ২০ ইনিংসের দীর্ঘ অপেক্ষার পর জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন শান্ত।
নাজমুল হোসেন শান্তর ব্যাটে যেন রানবন্যা বইছে। জেডেন লেনক্সের করা ৪১তম ওভারের শেষ বলে লং অনে সিঙ্গল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১১৪ বলে ৯টি চার ও ২টির ছক্কার মারে সাজানো এই ইনিংসটি শান্তর জন্য ছিল স্বস্তির। ২০ ইনিংস পর এই ফরম্যাটে সেঞ্চুরি পেলেন তিনি। মজার ব্যাপার হলো, শান্তর শেষ দুটি সেঞ্চুরিই এসেছে এই চট্টগ্রামে। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর আজ আবার এই মাঠেই কিউইদের শাসন করলেন তিনি।
অন্যপ্রান্ত আগলে রেখে লিটন কুমার দাস আজ খেলেছেন দায়িত্বশীল এক ইনিংস। আন্তর্জাতিক ওয়ানডেতে ১৯ ইনিংস এবং দীর্ঘ ৯১৭ দিনের অপেক্ষার পর অবশেষে ফিফটির দেখা পেলেন তিনি। এর আগে সর্বশেষ ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফিফটি করেছিলেন লিটন। এরপর অফফর্মের কারণে দল থেকে বাদ পড়লেও আজ কিউইদের বিপক্ষে ৭৬ রানের এক সময়োপযোগী ইনিংস খেলে ফর্মে ফেরার রাজকীয় ঘোষণা দিলেন এই অভিজ্ঞ ব্যাটার।
বাংলাদেশের শুরুটা হয়েছিল নড়বড়ে। ৩২ রানে পড়েছিল ৩ উইকেট। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নাজমুল হোসেনের ১১৯ বলে ১০৫ এবং লিটন দাসের ৯১ বলে ৭৬ রানে ভর করে ২৬৫ রানের সংগ্রহ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
চতুর্থ উইকেটে ১৬০ রানের জুটি গড়েন লিটন ও নাজমুল। এরপর ষষ্ঠ উইকেটে মিরাজ ও হৃদয় মিলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রানের জুটি গড়েন। ৪৭.৫ ওভার থেকে পরবর্তী ৬ বলের মধ্যে ১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
২৯ বলের ৩৩ রানে অপরাজিত ছিলেন হৃদয়। শেষ ১০ ওভারে ৪ উইকেটে ৬১ রান তুলতে পেরেছে বাংলাদেশ। শেষ ৫ ওভারে ৩৪ রানে পড়েছে ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশের ইনিংস : ৫০ ওভারে ৮/২৬৫ (তানজিদ ১০৫, লিটন ৭৬, হৃদয় ৩৩, মেহেদী হাসান ২২; ও’রুর্ক ৩/৩২, লেনক্স ২/৫০, লিস্টার ২/৬২)।
মেসি ম্যাজিকে টিকিটের দাম বাড়ল ১৪০০ শতাংশ