মোস্তাফিজ-নাহিদ রানার এনওসি বাতিল করলো বিসিবি

পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স ও পেশাওয়ার জালমিতে ফিরে যাওয়া হচ্ছে না মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। বাংলাদেশের এই দুই পেসারের অনাপত্তিপত্র স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার রাতে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, বিসিবি'র নিজস্ব চিকিৎসা বিভাগ মোস্তাফিজের চোটের পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, এরপর শুরু হবে তার পূনর্বাসন প্রক্রিয়া। নাহিদ রানাকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে পর্যাপ্ত প্রস্তুতির জন্য ছাড়বে না বিসিবি।

দুই ক্রিকেটারকে অনাপত্তিপত্র না দেবার ব্যাপারে বিসিবি জানিয়েছেন, 'নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন দলের চিকিৎসা বিভাগের কর্মী। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মোস্তাফিজের শারীরিক অবস্থা আরও ভালোভাবে মূল্যায়নের জন্য দ্রুত স্ক্যান করা হবে এবং এরপর তিনি বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। এ কারণে, মোস্তাফিজকে আগে দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) প্রত্যাহার করেছে বোর্ড। তাই তিনি পিএসএল  ২০২৬-এর বাকি অংশে অংশ নিতে পারবেন না। বিসিবি আরও জানাচ্ছে যে, ফাস্ট বোলার নাহিদ রানাকে পিএসএল ২০২৬-এর জন্য ছাড়পত্র দেওয়া হবে না। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাকে পর্যাপ্ত সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

মোস্তাফিজের দল পেশাওয়ার জালমি প্লে-অফের দৌড়ে এগিয়ে আছে, ৯ ম্যাচের ৮টিতে জিতে তাদের পয়েন্ট ১৭। ৫ ম্যাচ খেলে মোস্তাফিজ নিয়েছেন ৬ উইকেট। নাহিদ রানার লাহোর কালান্দার্স ৮ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের পাঁচে, অনেক যদি কিন্তুতে ঝুলে আছে তাদের প্লে-অফের আশা। ৪ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন নাহিদ রানা।