নাহিদ রানাকে নিয়ে শঙ্কা নেই, বোলিং করবেন আজ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

দীর্ঘদিন পর মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের ডাহনাতি পেসার নাহিদ রানা। দুই মাসেরও বেশি সময় ধরে চোটের কারণে ক্রিকেটের বাইরে থাকা এই গতি তারকা মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। এর মধ্যেই কয়েক দিন আগে বোলিংয়ের সময় কোমর-পিঠের অংশে হালকা ব্যথা অনুভব করেন তিনি। তবে তাকে নিয়ে কোনো শঙ্কা নিয়েই বলেই জানা গেছে।

ব্যথা অনুভব করার পর গত দুই দিন বিশ্রামে ছিলেন নাহিদ। তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর পরিস্থিতি আরও পরিষ্কার হবে।

এ নিয়ে বিসিবির এক কর্মকর্তা বলেন, 'বোলিং করার সময় পিঠে হালকা ব্যথা পেয়েছিল সে। তবে ব্যথা আর চোট এক বিষয় নয়। বড় কোনো সমস্যা হয়নি। নিয়মিত অনুশীলনের মধ্যেই ছিল। দুই দিন বিশ্রামে থাকার পর আজ আবার বোলিং শুরু করবে।'

সংযুক্ত আরব আমিরাতে আসন্ন ত্রিদেশীয় সিরিজে নাহিদ খেলতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তবে সিরিজটিকে সামনে রেখেই নাহিদের পুনর্বাসন ও অনুশীলন এগিয়ে নেওয়া হচ্ছে।

বিসিবির ওই কর্মকর্তা আরও বলেন, 'ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবে কি না জানি না। সেটা তো টিম ম্যানেজমেন্টের বিষয়। তবে আমাদের একটা লক্ষ্য আছে। এই ত্রিদেশীয় সিরিজকে লক্ষ্য রেখেই এগুচ্ছি। তবে শুধু নাহিদ রানা নয়, কারো চোট নিয়েই আমরা তাড়াহুড়ো করব না।' 

সর্বশেষ সর্বাধিক পঠিত