ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুরের খালপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোহন শেখ একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুরী গ্রুপের সঙ্গে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। গত বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধর করে সাদাতের লোকজন। এরই জের ধরে গতকাল সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় মোহন শেখ নিহত হন। নিহতের খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোহন শেখকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।