মাদারীপুর সদর উপজেলার কুনিয়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে অপহরণের চেষ্টা ও লাঠিপেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন হাজী আব্দুর রাজ্জাক হাওলাদার (৬৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৫)।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে আশাবাদ ইউনিয়নের কুনিয়া গ্রামের তাহের বেপারীর দোকানের সামনে সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—হাজী আব্দুর রাজ্জাক হাওলাদার (পিতা: আহাম্মদ হাওলাদার) এবং তার স্ত্রী আনোয়ারা বেগম। তারা একই এলাকার বাসিন্দা।
অভিযোগে জানা গেছে, জায়গা-জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জাহাঙ্গীর বেপারী ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষ আগে থেকেই হামলার পরিকল্পনা করে।
ঘটনার দিন নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাহের বেপারীর দোকানের সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা জাহাঙ্গীর বেপারী, বেলাল বেপারী, তাহের বেপারী, সৌরভ বেপারী, হাফিজুল বেপারীসহ অজ্ঞাতনামা আরও ৫–৬ জন একত্রিত হয়ে হাজী আব্দুর রাজ্জাক হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
এক পর্যায়ে হামলাকারীরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বলেন, ‘জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে এখনো মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।